
বিদ্যুৎ বিভ্রাটের জেরে বৃহস্পতিবারের পর শুক্রবারও থমথমে পরিস্থিতি রয়েছে মালদার মানিকচকে। পুলিশের গুলি চালানোর প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার জন্য মানিকচক বন্ধের ডাক দিয়েছে সিপিএম। সকাল থেকেই মানিকচকের এনায়েতপুর এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
রাস্তাতেও অন্যদিনের তুলনায় কম যানবাহন দেখা গিয়েছে। মালদার মানিকচকে বেশ কয়েকটি এলাকায় গত কয়েক দিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। সেই অভিযোগেই বৃহস্পতিবার মালদহের মানিকচকে ১০টি জায়গায় পথ অবরোধ করা হয়েছিল। অবরোধকারীদের দাবি, প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। অবরোধ হটাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের গাড়িতে হামলা চালায় স্থানীয়রা। আক্রান্ত হয়েছেন মানিকচক থানার আইসি-সহ বেশ কয়েক জন পুলিশকর্মী। অভিযোগ, এর পরেই অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালিয়েছে পুলিশ। তাতে আহত হয়েছেন দু’জন। ওই দু’জন মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। এই ঘটনায় আটক করা হয়েছে ২৬ জনকে। বিবৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
