
হায়দরাবাদে কাজে গিয়ে মৃত্যু হয়েছে মালদার পরিযায়ী শ্রমিকের। মঙ্গলবার সকালে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে আসা হয়েছে মালদায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিক বছর ৪০-র জগন্নাথ চৌধুরি। স্ত্রী অঞ্জলি চৌধুরি। পরিবারের রয়েছে দুই কন্যা সন্তান। মৃতের স্ত্রী ও পরিজনদের দাবি, পরিবারে অভাবের কারণে গত চার মাস আগে হায়দরাবাদে পাড়ি দিয়েছিল শ্রমিকের কাজে যোগ দিতে। গত শুক্রবার হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে জগন্নাথ বলে বাড়িতে খবর আসে। তাকে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার পরিবারের লোককে জানানো হয় ট্রেনে চাপিয়ে বাড়ি পাঠানো হচ্ছে ওই পরিযায়ী শ্রমিককে। কিছুক্ষণ বাদে বাড়িতে খবর আসে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পাঠানো হয় মালদায়। পরিবারের অভিযোগ, অসংগতি রয়েছে ঠিকাদার সংস্থা ও অ্যাম্বুলেন্স চালকের কথায়।
ঠিকাদার না আসা পর্যন্ত অ্যাম্বুলেন্স আটকে রাখেন মৃতের পরিজনেরা। যদিও পরে স্বাভাবিক হয় পরিস্থিতি।








