রাজস্থানে টাওয়ার ভেঙে মালদার শ্রমিকের মৃত্যু, জখম আরও ৫

0
215
ছবি সৌজন্যে : নিজস্ব

রাজস্থানে টাওয়ার ভেঙে মালদার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৫ শ্রমিক। খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে মালদার ইংরেজবাজারের মিল্কি এবং শোভানগর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

জানা গিয়েছে ইংরেজবাজারের নিদ্ধি গ্রাম পঞ্চায়ের বাসিন্দা বছর ২০-র সামিউল শেখসহ ৬ জন সোমবার রাজস্থানে টাওয়ারের সাইটে কাজ করছিলেন। সেই সময় হঠাৎ করেই দমড়ে মুচড়ে পড়ে টাওয়ারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সামিউল শেখের। আহত হন আরও ৫ জন। পরিবারের কাছে খবর পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন মালদা জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকি এবং ইংরেজবাজার মহিলা তৃণমূলের সভানেত্রী সুলতানা সাবানা ইয়াসমিন। দেহ ফেরানোর ব্যবস্থার পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।