
বাংলাদেশি সন্দেহে ফের ওড়িশায় আক্রান্ত মালদহের এক পরিযায়ী শ্রমিক। দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
জানা গিয়েছে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই শ্রমিকের নাম আতিউর রহমান। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওড়িশায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন বৈষ্ণবনগরের যুবক আতিউর রহমান। কিন্তু অভিযোগ, বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে তাঁকে প্রকাশ্যেই ব্যাপক মারধর করা হয়। মারের চোটে গুরুতর আহত আতিউরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন তাঁরই এক সহকর্মী।
পরিবারের সদস্যরা তাঁকে ফিরিয়ে আনতে ওড়িশার উদ্দেশে রওনা দিলেও তাঁর সহকর্মীরাই আতিউরকে মালদায় ফিরিয়ে আনেন। বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।
