
জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর জিএসটি চাপানোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্র সরকার সদর্থক পদক্ষেপ না করলে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে লিখেছেন,ভারত সরকারের কাছে তাঁদের দাবি, জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়াম থেকে জিএসটি তুলে নিন। কারণ এগুলি সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলির সঙ্গে জড়িত। জিএসটি বিষয়টি খারাপ কারণ, এটা মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে তার উপর বিরূপ প্রভাব ফেলে।যদি জনবিরোধী জিএসটি সরকার তুলে না নেয় তবে তাঁরা এবার রাস্তায় নামতে বাধ্য হবেন।উল্লেখ্য এর আগে রাজ্যসভায় প্রসঙ্গটি তোলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ দোলা সেনও। এই অবস্থায় জিএসটি প্রত্যাহারের দাবিতে লোকসভায় মুলতবি প্রস্তাব জমা দেবে তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডলে সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, ২৯ জুলাই সংসদে প্রথম বিষয়টি উত্থাপন করে তৃণমূল কংগ্রেস।








