
লোকসভা ভোটে পিছিয়ে থাকা এলাকায় মন্ত্রীদের বাড়তি গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে মন্ত্রিসভার মন্ত্রীদের নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী বলেছেন মানুষের কাছে না গেলে ভোটে জেতা যায় না। বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন তিনি।
আগামী দিনে এটা মাথায় রেখেই কাজ করতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে রাজ্যে ৪২ আসনের মধ্যে তৃণমূল দখলে রেখেছে ২৯টি আসন। ১২ আসন দখলে রাখতে পেরেছে বিজেপি। তারপরেও ভোটের নিরিখে বিভিন্ন জেলায় বেশকিছু ওয়ার্ডে বিজেপির থেকে পিছিয়ে গিয়েছে তৃণমূল। ২০২৬-র বিধানসভা ভোটের আগে এখন থেকেই কার্যত সেই পিছিয়ে থাকা এলাকাতেই জোর দিতে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে, বিভিন্ন দফতরে ৫৫২ পদে নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। লোকসভা ভোটের পর নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেই ঠিক হয়েছে শিক্ষা দফতরে ৩৫, প্রাণী সম্পদ দফতরে ২৭০ এবং স্বরাষ্ট্র দফতরে ১০৫ জনকে নিয়োগ করা হবে। বাকি শূন্যপদে নিয়োগ হবে অন্যান্য দফতরে। অন্যদিকে ইলেকট্রিক গাড়ি কিনলে কর এবং রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আরও এক বছর ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ২০২২-এ বিদ্যুৎচালিত গাড়ি কিনতে ২ বছর কর এবং রেজিস্ট্রেশনে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সেই মেয়াদ আরও একবছর বাড়িয়ে দিল রাজ্য মন্ত্রিসভা।
