
দুর্গাপুরে মেডিক্যাল কলেজের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে মুখ্যমন্ত্রীর রাত সাড়ে ১২টা তত্ত্বকে সামনে রেখে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি বলেছেন, নিজে একজন মহিলা হওয়া সত্ত্বে মুখ্যমন্ত্রীর অবস্থান সবসময় মহিলাদের বিপক্ষে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন ধর্ষণের উদাহরণ তুলে ধরে তাঁর যুক্তি, মুখ্যমন্ত্রীর কতব্য একমাত্র অনুপ্রবেশকারীদের সুরক্ষা প্রদান করা। উল্লেখ্য, রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেছেন, গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই তিন জন গ্রেফতার হয়েছে। একই সঙ্গে দুর্গাপুরের ওই বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে কী ভাবে ওই পড়ুয়া রাতে বাইরে বেরোলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, বেসরকারি মেডিক্যাল কলেজেরও একটা দায়িত্ব আছে। তাদের স্টুডেন্টদের দেখভাল করার। দুর্গাপুরের ঘটনা নিয়ে রাত সাড়ে ১২টায় ওই ছাত্রীর ক্যাম্পাসের বাইরে বেরোনো নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।
এদিকে তৃণমূল কংগ্রেস ফেসবুক পোস্টে লিখেছে, সাধারণ মানুষের নিরাপত্তা এবং নারী সুরক্ষা নিয়ে কোনও আপস করে না মা-মাটি-মানুষের সরকার। তবে দুর্গাপুর ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে পোস্টে ।
