
ভোট শেষ হলেই বাড়ি যাবেন না, লোডশেডিং হতে পারে। দলীয় কর্মিদের এভাবেই সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই তৃণমূল সূত্রের খবর। রবিবার সন্ধেয় চেতলা অহীন্দ্র মঞ্চে কর্মিসভায় যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেখানেই ভবানীপুরের তৃণমূল কাউন্সিলর, ভোটে দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতাদের ভোট শেষের পর স্ট্রংরুমে নজর রাখতে বলেছেন। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয়কে লোডশেডিংয়ের জয় বলে কটাক্ষ করে তৃণমূল। সেই পরিস্থিতিকেই মূলত উদ্দেশ্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মিদের মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন ভবানীপুর, সর্বোপরী রাজ্যে ভোটে জেতার পর তাঁর লক্ষ্য দিল্লি। তারজন্য কর্মাদের এখন থেকে চাঙ্গা করার প্রক্রিয়া শুরু করেছেন তৃণমূল নেত্রী। পাশাপাশি সোমবার যে সাপ্লিমেন্টারি তালিকা বেরবে, সেখানে যাদের যাদের নাম বাদ যাবে তাদের পাশে থাকবে তৃণমূল। প্রয়োজনে আইনি লড়াইয়ে সহায়তা করা হবে। পাশাপাশি রাজ্যে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তার দায় বর্তাবে কমিশনের ওপর।
কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি। এই কেন্দ্রে ৮টি ওয়ার্ডের একটির কাউন্সিলর ফিরহাদ হাকিম। বাকি ৭কাউন্সিলরও এই বৈঠকে যোগ দিয়েছিলেন।






