
রাজ্য জুড়ে রান্নার গ্যাস বা এলপিজি-র সঙ্কট তৈরি হয়েছে। ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এই অবস্থায় জরুরি ভিত্তিতে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন রাজ্য সরকার একটা এসওপি তৈরি করবে। সাপ্লাই চেইন যাতে বন্ধ করা না হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছেন তিনি।
এই আবহে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করে মুখ্যমন্ত্রীর গ্যাস ডিলারদের তাঁর বার্তা, রাজ্যে মজুত গ্যাস বাইরে পাঠাবেন না। এদিন কেন্দ্রের সঙ্গে এই বিষয়ে যে আলোচনা হয়েছে, তাতে বুকিং-এর ব্যবধান যাতে ২৫ দিন বেঁধে না দেওয়া হয়, সেই আবেদনও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্য একটি এসওপি তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যসচিব সবদিকে নজর রাখবেন।
পাশাপাশি, কালোবাজারি রুখতে পুলিশকে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ডিলাররা আশ্বাস দিয়েছে যে, স্বাস্থ্যক্ষেত্র, মিড ডে মিল, আইসিডিএস সেন্টারগুলিতে কোনও সংকট পরিস্থিতি তৈরি হবে না।
