
সাত দিনের ব্যবধানে বীরভূমে খুন হয়েছেন তৃণমূলের দুই নেতা। এ ব্যাপারে পুলিশি ব্যর্থতা নিয়ে এবার সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরে প্রশাসনিক বৈঠকে রাজ্য গোয়েন্দা দফতর ও জেলা পুলিশের ভূমিকাকে কাঠগড়ায় তুলে তিনি বলেছেন, তিনি ব্যথিত।
সাত দিনের মধ্যে বীরভূমে দু’জন খুন হয়েছে। আইবি কেন আগাম খবর পেল না? থানার পুলিশের কি কোনও দায়িত্ব ছিল না? মুখ্যমন্ত্রী আরও বলেছেন, খুন হয়ে যাওয়ার পর রিপোর্ট তৈরি হয়। কিন্তু খুনের আগেই কেন পুলিশ সতর্ক হতে পারল না? গোয়েন্দারা কী করছিলেন? প্রশাসনের একাংশের প্রতি অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন , কিছু ডিএম, এসপি নিজে থেকেই সিদ্ধান্ত নিচ্ছেন, রাজ্যকে না জানিয়ে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এটা কোনও দিন হত না। এখন কেন হবে? এই জিনিস বন্ধ করতে হবে। সাবধান করে দেন প্রশাসনিক আধিকারিকদেরও। বলেছেন, ডিএম, এসপিরা বাইরে এমন কিছু বলবেন না, যাতে জনতা ব্যঙ্গ করার সুযোগ পায়। রাজনৈতিক নেতাদেরও এটা মাথায় রাখা উচিত।
প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর তির্যক মন্তব্যে স্পষ্ট, বীরভূমে একের পর এক রাজনৈতিক খুন নিয়ে তিনি উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ। একই সঙ্গে বিজেপির একাংশ নেতার সঙ্গে জেলার একাংশ তৃণমূল নেতা সমঝে চলার রাজনীতি করছেন বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
