
ঘূর্ণিঝড় দানা’র দুর্যোগে বহু চাষের জমি নষ্ট হয়েছে। এই সূত্রেই নবান্ন থেকে বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে দ্রুত পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষজন যাতে এখনই নিজেদের বাড়ি না ফেরেন, তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি জমা জল থেকে মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের কথা স্মরণ করিয়ে দিয়ে মশারি বিলির পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আবহাওয়া পরিস্থিতির সম্পূর্ণ উন্নতি না-হওয়া পর্যন্ত ত্রাণ শিবিরগুলি চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন রোগের হানা রুখতে মেডিক্যাল ক্যাম্প চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। পর্যাপ্ত ত্রাণের বিষয়টি সুনিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ক্ষেত্রে টেলি মেডিসিন কার্যকর করা যায় কি না, তা খতিয়ে দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী। বিপর্যস্ত এলাকায় আরও দু’দিন জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দল-এর কর্মীদের মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, কোনও পড়ুয়ার বই যদি ঝড়-জলে নষ্ট হয়ে যায়, তাহলে বইয়ের ব্যবস্থা করে দিতে হবে।
ছবি সৌজন্যে : নিজস্ব






