
নববর্ষের সকালে ভিডিয়ো বার্তায় আবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তা-ই নয়, তাঁর দাবি, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বাংলার উপর অত্যাচার, জুলুম করা হচ্ছে।
এই অত্যাচারের বিরুদ্ধে বদলা নেওয়ার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আহ্বান, গণতন্ত্রের উৎসবে শামিল হন সকলে। ভোটপ্রচারে প্রায় সব জনসভা থেকেই একই বার্তা দিয়ে থাকেন তিনি। ভিডিয়ো বার্তার শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বাংলার একটা ঐতিহ্য, গরিমা আছে। এটা বাংলার নববর্ষ। সঙ্গে অনেক রাজ্যেরও নববর্ষ আছে। সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্প্রীতি রক্ষার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করিয়ে দেন, বাংলা সম্প্রীতি, সংহতির, সংস্কৃতির পীঠস্থান। পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে তাঁর আর্জি, আসুন, শান্তি-সম্প্রীতি-সংস্কৃতির বার্তা দিয়ে নতুন ভোর নিয়ে আসুক। মমতার কথায়, দিল্লির জমিদারেরা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে।
সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিন। ভোট দিন। বিজেপি-কে ভ্যানিশ ওয়াশিং মেশিন বলে কটাক্ষ করেন তৃণমূলের সর্বময় নেত্রী।
