
আন্তর্জাতিক হকার দিবসে হকার উচ্ছেদের প্রতিবাদে সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি লিখেছেন যেভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই বিজেপি সরকার হকারদের ওপর অত্যাচার চালাচ্ছে, উচ্ছেদ করছে, তাদের দোকান ভেঙে দিচ্ছে। গরিব মানুষের চোখের জলকে তোয়াক্কা না করে তাদের পথে বসাচ্ছে তাতে তিনি বিস্মিত, মর্মাতত। অত্যাচারীরা এর জবাব পাবেই। তাঁর দাবি ফুটপাথের এই ক্ষুদ্র ব্যবসায়ীরা স্থানীয় অর্থনীতির মেরুদণ্ড। জোর করে উচ্ছেদের বিরুদ্ধে হকারদের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ করেছেন তিনি সবসময় গরিব মানুষের পাশে ছিলেন, থাকবেন। আইনি অধিকারের বিষয়টি স্মরণ করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন ফুটপাথচলতি মানুষের যাতায়াতের অধিকার এবং হকারদের জীবন জীবিকার অধিকার এই দুইয়ের ভারসাম্য বজায় রাখতে সুপ্রিম কোর্ট একাধিক ঐতিহাসিক রায় দিয়েছে। ১৯৮৯ সালে সোদান সিং মামলা বা ২০১০-এ গেন্দা রাম মামলার হাত ধরেই তৈরি হয়েছিল স্ট্রিট ভেন্ডর আইন ২০১৪। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন কোনও বিকল্প ব্যবস্থা না করে আকস্মিক উচ্ছেদ বেআইনি।
হকারদের পুনর্বাসন বা নিয়ন্ত্রণের পুরো প্রক্রিয়াটি গণতান্ত্রিক উপায়ে টাউন ভেন্ডিং কমিটির মাধ্যমেই হওয়া উচিত বলে মনে করেন।






