
৮ দিনের লন্ডন সফর শেষে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় ৭ টার কিছু পর কলকাতা বিমানবন্দরে নামেন মুখ্যমন্ত্রীর বিমান। কলকাতায় নামার পর বিমানবন্দর থেকে গাড়ি ধরে রওনা হয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘ বিমানযাত্রার পর সাংবাদিকদের সঙ্গে আর কথাবার্তা বলেননি। তবে ফেরার পথে সফরসঙ্গীদের জানিয়েছেন, এ বারের সফরে তিনি সন্তুষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে রওনা হয়েছিলেন গত শনিবার সন্ধ্যায়। আট দিনের মাথায় শনিবার সন্ধ্যাতেই কলকাতায় ফিরেছেন। যাতায়াতের দু’দিন বাদ দিয়ে মোট ছ’দিনের বিলেত সফর ছিল মুখ্যমন্ত্রীর।
ছিল ভারতীয় হাই কমিশনের আমন্ত্রণ, ছিল বাণিজ্য সম্মেলন, আলাদা আলাদা বাণিজ্য বৈঠক, অক্সফোর্ডের কেলগ কলেজে বক্তৃতা। সেই বক্তৃতার মাঝে আবার মুখ্যমন্ত্রী মমতাকে হালকা বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল।
