
বিজ্ঞাপন দেখে চাকরির জন্য ৭ লাখ টাকা দিয়ে প্রতারিত যুবকের টাকা উদ্ধার করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ।
বসিরহাটের নৈহাটির বাসিন্দা বিক্রম মজুমদার বেশ কিছুদিন ধরেই চাকরির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছিলেন। এরপরেই জানুয়ারি মাসে বন্ধন ব্যাঙ্কে চাকরির বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন। বিক্রমের অভিযোগ এরপরেই তাঁর কাছ থেকে প্রথমে রেজিস্ট্রেশনের জন্য ৪০১ টাকা নেওয়া হয়। এরপর ধাপে ধাপে ৭ লাখ ২ হাজার টাকা হাতিয়ে নেয়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এরপর বসিরহাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমে এই প্রতারণাচক্রের ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এরপরেই তাঁদের কাছ থেকে ৭ লাখ ২ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া টাকা বিক্রমের কাছে ফিরিয়ে দেন বসিরহাট থানার অফিসাররা।
