
অনেক দিন পর ম্যানচেস্টার সিটির সেই ধারাল রূপের দেখা মিলল। দুর্বল ইপ্সউইচ টাউনকে নিয়ে যেন ছেলেখেলা করে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে ফিরল পেপ গার্দিওলার দল।
প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৬-০ গোলে জিতেছে সিটি। প্রথমার্ধে ফিল ফোডেনের জোড়া গোলের মাঝে গোলের দেখা পান মাতেও কোভাসিচ। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান জেরেমি দোকু, আর্লিং হালান্ড ও জেমস ম্যাকাটি।পেপ গার্দিওলার কোচিংয়ে এই নিয়ে ১৩ বার প্রিমিয়ার লিগের ম্যাচে ৬ বা তার বেশি গোল করল সিটি।আর্সেন ভেঙ্গারের কোচিংয়ে আর্সেনাল সমান সংখ্যক ম্যাচে এই কীর্তি গড়েছিল।এই প্রতিযোগিতায় একমাত্র অ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ে ম্যানচেস্টার ইউনাইটেড বেশিবার ম্যাচে ৬ বা তার বেশি গোল করতে পেরেছিল।লিগ চ্যাম্পিয়নশিপ ধরে রাখার অভিযানে অনেক পিছিয়ে পড়া সিটি গত রাউন্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে শেষ সময়ে দু’ গোল খেয়ে পয়েন্ট হারিয়েছিল। জয়ের পথে ফেরার লড়াইয়ে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিল দলটি।২২ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে সিটি।
সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে এক ধাপ নিচে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড।চার দিন আগে ব্রেন্টফোর্ডের জালে জোড়া গোল করা ফোডেনের নৈপুণ্যেই এগিয়ে যায় সিটি।
