
মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন দুই পুলিশকর্মী! ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গাড়ি নিয়ে চায়ের দোকানে ধাক্কা মারলেন দু’জনে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চা বিক্রেতার।
রাজধানী দিল্লিতে ঘটনাটি ঘটেছে। খবর প্রকাশ্যে আসতেই তৎপর হয়েছে দিল্লি পুলিশ। তড়িঘড়ি ওই দুই কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।দু’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার রাতে পুলিশ কন্ট্রোল রুম ভ্যানে চড়ে টহল দিতে বেরিয়েছিলেন দুই পুলিশকর্মী। বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ মধ্য দিল্লির রামকৃষ্ণ আশ্রম মেট্রো স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। আচমকা একটি চায়ের দোকানে ধাক্কা মারে পুলিশের ভ্যানটি।
সে সময় চা বিক্রেতা ও তাঁর ছেলে দোকানে ছিলেন। ছেলে কোনও ভাবে প্রাণে বেঁচে গেলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় গঙ্গারাম তিওয়ারি নামে ওই চা বিক্রেতার।








