নিউক্যাসলের কাছে হারলো ম্যান ইউ

0
107
ছবি সৌজন্যে : এক্স

পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে দেরি করল না ম্যানচেস্টার ইউনাইটেড। সেই মোমেন্টাম যদিও পরে আর টেনে নিতে পারল না তারা। দ্বিতীয়ার্ধে আধিপত্য ছড়িয়ে আরও তিন গোল করে বড় জয়ের আনন্দে ভাসল নিউক্যাসল ইউনাইটেড।সেন্ট জেমস পার্কে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে স্বাগতিকরা। সান্দ্রো তোনালির গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন আলেহান্দ্রো গার্নাচো। সফরকারীদের উল্লাস অবশ্য ওখানেই শেষ। বিরতির পর হার্ভি বার্নসের জোড়া গোল ও ব্রুনো গিমারেসের লক্ষ্যভেদে শীর্ষে চারে ফিরল নিউক্যাসল।

গত ডিসেম্বরে আসরে প্রথম দেখায় ম্যানচেস্টারের দলটিকে ২-০ গোলে হারিয়েছিল নিউক্যাসল। আলেকসান্দার ইসাক ও তোনালির দারুণ বোঝাপড়ায় ২৪ মিনিটে এগিয়ে যায় নিউক্যাসল। ডি-বক্সের বাইরে জটলার মধ্যে প্রথম টোকায় বল একটু ওপরে তুলে, দ্বিতীয় ছোঁয়ায় ওপর দিয়ে ভেতরে পাঠান ইসাক, আর চোখের পলকে পজিশন নিয়ে দারুণ ভলিতে ঠিকানা খুঁজে নেন ইতালিয়ান মিডফিল্ডার তোনালি। ৩৭ মিনিটে পাল্টা আক্রমণে সমতা টানেন গার্নাচো। দিয়োগো দালোতের পাস ধরে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবার এগিয়ে যায় নিউক্যাসল।বাঁ দিক থেকে টিনোর কোনাকুনি পাস ডান দিকের বাইলাইনে পেয়ে গোলমুখে কাটব্যাক করেন জ্যাকব মার্ফি,সেখানে প্রথম ছোঁয়ায় ফাঁকা জালে বল পাঠান হার্ভি বার্নস। ১৪ মিনিট পর প্রতিপক্ষের ভুলের সুযোগ দারুণভাবে কাজে লাগান বার্নস। নিজেদের সীমানায় ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার নুসায়ার মাজরাউই পিছলে পড়ে গেলে বল পেয়ে যান বার্নস। ক্ষিপ্র গতিতে ডি-বক্সে ঢুকে জোরাল শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার।