
আবারও রবিনসন স্ট্রিটের ছায়া। এবার হাওড়ার বালটিকুরিতে মায়ের পচাগলা দেহ আগলে বসে রয়েছে মানসিক ভারসাম্যহীন ছেলে।
পুলিশ জানায়, মৃতার নাম রাসমণি নন্দী। তাঁর ছেলের নাম সুরজ নন্দী। বছর ৩০-এর সুরজ কিছু করতেন না। বাড়িতেই থাকতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামীর মৃত্যুর পরে ছেলেকে নিয়ে রাসমণি ওই বাড়িতে থাকতেন। মাঝেমধ্যে এলাকার মানুষ ওই প্রৌঢ়াকে বাজার-দোকান করতে দেখলেও ছেলেকে প্রায় দেখাই যেত না। তবে গত দু’বছর ধরে প্রায়ই মা-ছেলের মধ্যে বচসা বা মারামারি হচ্ছিল। পাড়ার লোকেদেরও অহেতুক গালিগালাজ করতেন তাঁরা। কয়েক বার পুলিশ গিয়ে তাঁদের এ সব না করতে বুঝিয়ে এসেছিল। তবে গত কয়েক সপ্তাহ দু’জনকেই প্রতিবেশীরা দেখতে পাননি বলে জানা গিয়েছে। গত তিন-চার দিন ধরে গোটা পাড়ায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। পুলিশের ধারণা, দিন কয়েক আগেই মারা গিয়েছেন ওই প্রৌঢ়া।
মা মারা যাওয়ার পরে দেহ আগলে বসেছিলেন ছেলে। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।
