
ডাকাতির কেসে জামিনের পর সুইসাইড নোটে ওসিকে দায়ী করে যুবকের আত্মহত্যার ঘটনায় শোরগোল পড়েছে মল্লারপুরে। জানা গিয়েছে কিরণ মণ্ডল ওরফে শঙ্খ বীরভূমেব মল্লারপুরের বাসিন্দা। রবিবার ঘর থেকে কিরণ মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
দেহের কাছে একটি সুইসাইড নোট ছিল। তাতে মল্লারপুর থানার ওসি রাজকুমার দাসের নাম উল্লখ করা হয়েছে। লেখা হয়েছে তাঁর মৃত্যুর জন্য দায়ী মল্লারপুর থানার বড়বাবু রাজকুমার দাস তাঁকে ফাঁসিয়েছে। সাজিয়ে কেস দিয়েছে। এই ব্যক্তি অনেকজনকে ফাঁসিয়ে তাঁর মত অনেকের জীবন নষ্ট করেছে। রাজকুমার দাসকে যেন শাস্তি দেওয়া হয়। তাঁর মৃত্যুর জন্য দায়ী ওসিই।
পরিবার সূত্রে খবর মাসখানেক আগে ডাকাতির ঘটনায় গ্রেফতার করা হয়েছিল শঙ্খকে। তারপর প্রায় এক মাস জেলে ছিলেন কিরণ ওরফে শঙ্খ মণ্ডল। ১৫ জুলাই জামিন পায় শঙ্খ। এরপরেই রবিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।









