
পুত্র সন্তান না হওয়ায় দুই কন্যা সহ স্ত্রীকে পুলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এমনই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে তেলেঙ্গনার ওয়ারাঙ্গাল শহরে। মৃতদের পরিচয় জানিয়েছে ২৬ বছরের ফারহাত এবং তাঁর দুই মেয়ে, উমেরা ও আয়েশা।
পরিবারেরই একটি সুইমিং পুল ছিল ওয়ারাঙ্গাল-খাম্মাম জাতীয় সড়কের কাছে, যা ভাড়া দিয়েই তাঁদের সংসার চলত। বুধবার রাতে পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে ফারহাত ও তাঁর দুই মেয়ে পুলের কাছে গিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই তাঁদের জলে ভাসতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা ও আত্মীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে এমজিএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রথমে ফারহাতের স্বামী আজহারউদ্দিন পুলিশকে জানান, পা পিছলে জলে পড়ে গিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। কিন্তু তদন্ত শুরু হতেই উঠে আসে অন্য ছবি।
