
ওল্ড ট্র্যাফোর্ডে সেমিফাইনালের ফিরতি লেগে আথলেতিক বিলবাওকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকায় দু লেগ মিলিয়ে ৭-১ গোলে ফাইনাল নিশ্চিত হয় তাদের।ইউরোপা লিগের ফাইনালে ২২ তারিখ টটেনহ্যামের মুখোমুখি হবে রুবেন আমুরির দল। যদিও বিবর্ণ শুরুর পর প্রথমার্ধে পিছিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।
বিরতির পর আক্রমণে গতি আনলেও আথলেতিক বিলবাওয়ের রক্ষণভাগ ভেদ করতে পারছিল না তারা। ৭২ মিনিটে জাল খুঁজে পান ম্যাসন মাউন্ট।পরের ২০ মিনিটে বিলবাওয়ের জালে আরও তিনবার বল পাঠায় ইউনাইটেড।দারুণ জয়ে ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করেছে রেড ডেভিলসরা।ঘরের মাঠে ইউনাইটেড প্রথম সুযোগটি পায় ১৬ মিনিটে।ব্রুনো ফের্নান্দেসের থ্রু বল ধরে বক্সে গিয়ে গোলরক্ষকে একা পেয়েও ঠিকঠাক শট নিতে পারেননি।বিলবাও গোলরক্ষক এগিয়ে এসে বল নিয়ন্ত্রণে নিয়ে নেন। ৩১ মিনিটে এগিয়ে যায় বিলবাও। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে শট নেন জালো। কিন্তু সেটি কেউ ঠেকিয়ে দেন। ফিরতি শটে জাল খুঁজে নিতে ভুল করেননি মিকেল জরেগিসার।পিছিয়ে থাকা ইউনাইটেড বিরতির পর আক্রমণে ধার বাড়ায়। কিন্তু বিলবাওয়ের রক্ষণভাগ যেন দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিল।
সেই দেয়াল ভেদ করতে অপেক্ষা করতে হয় ৭২ মিনিট পর্যন্ত। ইয়োরোর ছোট পাস থেকে ঠিকানা খুঁজে নেন বদলি হয়ে নামা মাউন্ট। ৭৯ মিনিটে দলকে এগিয়ে নেন কাসেমিরো।ফের্নান্দেসের ফ্রিকিক থেকে দারুণ এক হেডে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা। ৮৫ মিনিটে ব্যবধান আরও বাড়ান রাসমাস হয়লুন।ডান দিক থেকে আক্রমণে গিয়ে বক্সে বল বাড়ান দিয়ালো। সেখানে থাকা হয়লুন সহজেই খুঁজে নেন জাল। অতিরিক্ত সময়ে আরও একটি গোল করে দলের ফাইনাল নিশ্চিত করেন মাউন্ট।








