
মুম্বইয়ে গণেশ প্রতিমা বিসর্জন চলাকালীন আরডিএক্স হুমকির ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই নয়ডা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। মুম্বই পুলিশ ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে অশ্বিনীকুমার সুপ্রা নামে ধৃত ব্যক্তিই ট্রাফিক পুলিশের হোয়াটস অ্যাপ হেল্পলাইনে হুমকি বার্তা পাঠিয়েছিলেন।
তাকে সিমকার্ড সরবরাহ করার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। হুমকি মেসেজে বলা হয়েছিল যে ৪০০ কেজি আরডিএক্স এবং ৩৪ জন মানব বোমা ব্যবহার করে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটানো হবে। মুম্বই ধ্বংস করে দেওয়া হবে। অন্তত ১ কোটি মানুষকে মারার প্ল্যান। লস্কর-ই-জিহাদি নামক একটি সংগঠন হুমকি দিয়েছিল বলেই জানানো হয়। শনিবার অনন্ত চতুর্দেশী, গণেশ উৎসবের শেষ দিন। এর কারণে পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখে এবং তখনই তদন্ত শুরু করে। অশ্বিনীকুমার সুপ্রা বিহারের পটনার বাসিন্দা। অভিযুক্তকে উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের কাছ থেকে হুমকি দেওয়ার জন্য ব্যবহৃত মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ওরলি পুলিশ স্টেশনে ভারতীয় ন্যয় সংহিতার ৩৫১ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ৪০০ কেজি আরডিএক্স, ৩৪ জন মানব বোমা-পুরো বিষয়টিই উড়ো হুমকি ছিল। মুম্বই পুলিশ নাগরিকদের কোনও গুজবে বিশ্বাস না করার এবং আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন করেছে।
