
আর্লিং হলান্ডের গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পর জয়ের পথেই ছিল ম্যানচেস্টার সিটি। আর্সেনালের আক্রমণগুলো ঠেকিয়ে দিচ্ছিল দলটির জমাট রক্ষণ। কিন্তু অতিরিক্ত সময়ে দুর্দান্ত ফিনিশিংয়ে তাদের সব প্রতিরোধ ভেঙে দিলেন গাব্রিয়েল মার্তিনেল্লি।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শেষের গোলে হার এড়াল আর্সেনাল।ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নশিপ প্রত্যাশী দু’ দলের জমজমাট লড়াই শেষ হয়েছে ১-১ সমতায়।৫ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চ্যাম্পিয়ন লিভারপুল। সমান ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দু’ নম্বরে উঠে এসেছে আর্সেনাল। তাদের সমান পয়েন্ট টটেনহ্যাম হটস্পার ও বোর্নমাউথেরও।৫ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে সিটি। গত সিজনে বাজে ফলের পর এবারও ভুগছে পেপ গুয়ার্দিওলার দল।একটু ঢিমেতালে শুরু হওয়া ম্যাচে নবম মিনিটে নিজেদের অর্ধে বল পেয়ে সতীর্থকে বাড়িয়ে আর্সেনালের ডি বক্সের দিকে ছোটেন হলান্ড। টিয়ানি রেইন্ডার্সের কাছ থেকে ডি বক্সের মাথায় বল পেয়ে একটু এগিয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন তারকা স্ট্রাইকার।চলতি সিজনে ওপেন প্লেতে এই প্রথম গোল হজম করল আর্সেনাল।৩২ মিনিটে প্রথম গোলের জন্য কোনো শট নিতে পারে আর্সেনাল। পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া আর্সেনাল দ্বিতীয়ার্ধের শুরু থেকে খেলে আক্রমণাত্মক ফুটবল। ৪৮ মিনিটে একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারেননি মার্তিন সুবিমেন্দি।৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ হাতছাড়া করেন হলান্ড। ডি বক্সে বল পেয়ে কাছের পোস্টে থাকা গোলরক্ষকের কাছাকাছি শট নেন স্ট্রাইকার হলান্ড। গতির জন্য পুরোপুরি ফেরাতে পারেননি দাভিদ রায়া। আলগা বল বিপদমুক্ত করতে গিয়ে বিপদ প্রায় ডেকে এনেছিলেন এজে।
তার শট ডেকলান রাইসের মাথায় লেগে পোস্টের একটু ওপর দিয়ে বাইরে যায়।একের পর এক আক্রমণের সুফল অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে পায় আর্সেনাল। সে সময়ে রক্ষণ সামলাতে পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলেও জাল অক্ষত রাখতে পারেনি সিটি। এজের বাড়ানো বলে প্রথম স্পর্শে জাল খুঁজে নেন মার্তিনেল্লি।









