
ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের টিকিট পেতে ড্র করলেই হতো।তবে জয়ের খিদেয় খেলতে নামা ম্যানচেস্টার ইউনাইটেড ১৪ মিনিটেই করে ফেলল দুই গোল।পরে লিভারপুল ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত ম্যাচ জিতেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করল রেড ডেভিলরা।ঘরের মাঠে ওল্ড ট্র্যাফোর্ডে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রথমার্ধে ইউনাইটেড জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে দুটিই শোধ করে লিভারপুল। পরে কোবি মাইনুর গোলে নিশ্চিত হয় স্বাগতিকদের জয়।এই জয়ে ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বর স্থান আরেকটু শক্ত করল ইউনাইটেড। আর সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল।অল রেডদের বিপক্ষে দারুণ এই জয়ে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের টিকিটও নিশ্চিত হয়ে গেছে মাইকেল ক্যারিকের শিষ্যদের। দুই সিজন বাইরে থাকার পর আবার ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে খেলবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি। প্রতিপক্ষের মাঠে বল দখলের লড়াইয়ে এগিয়েই ছিল লিভারপুল। ম্যাচের ষষ্ঠ মিনিটে ম্যাথিউস কুনহার গোলে লিড নেয় স্বাগতিকরা। পরে ১৪ মিনিটে বেনজামিন সেসকোও জালের ঠিকানা খুঁজে নিলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল।দ্বিতীয়ার্ধে ফিরে ব্যবধান কমাতে সময় নেয়নি লিভারপুল। ম্যাচের ৪৭ মিনিটে স্বাগতিকদের জাল কাঁপান ডমিনিক সবোসলাই।পরে ৫৬ মিনিটে কোডি হাকপোও স্কোরশিটে নাম তুললে ম্যাচে ফিরে আসে সমতা। মনে হচ্ছিল, হয়তো ঘুরে দাঁড়ানোর গল্পই লিখবে লিভারপুল।
তবে সেটি হতে দেননি কোবি মাইনু। ম্যাচের ৭৭ মিনিটে তার গোলে আবার এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। পরে আর গোল শোধ করতে পারেনি লিভারপুল। ম্যাচ সেরার পুরস্কার জেতেন ২১ বছর বয়সী মিডফিল্ডার মাইনু।








