
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো চার দিনের রাজনৈতিক অস্থিরতার পর আবারও সেবাস্তিয়ান লেকোর্নুকে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এর কয়েক ঘণ্টা আগে তিনি এলিসি প্রাসাদে প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন।
তবে বৈঠকে চরম দক্ষিণপন্থী ও চরম বামপন্থী দলের নেতারা উপস্থিত ছিলেন না।লেকোর্নুর প্রত্যাবর্তন ছিল বেশ অপ্রত্যাশিত, কারণ মাত্র দু’ দিন আগেই তিনি জাতীয় টেলিভিশনে বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী পদটির পেছনে ছুটছেন না এবং তার মিশন শেষ হয়েছে। যদিও এখনও নিশ্চিত নয় যে তিনি নতুন সরকার গঠন করতে পারবেন কি না, তবে তাকে দ্রুত কাজ শুরু করতে হবে, কারণ সোমবারের মধ্যে সংসদে আগামী বছরের বাজেট পেশ করার শেষ সময়সীমা রয়েছে।
এলিসি প্রাসাদ থেকে জানানো হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁখো লেকোর্নুকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন এবং ম্যাঁখোর ঘনিষ্ঠ মহল জানিয়েছে যে তাকে এক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। উল্লেখ্য,৩৯ বছর বয়সী লেকোর্নু ম্যাঁখোর অন্যতম ঘনিষ্ঠ সহযোগী।
