আম বড়, না প্রাণ! এবার কোন্নগরে আক্রান্ত কিশোর

0
307
ছবি সৌজন্যে : নিজস্ব

না বলে আমপাড়ার অপরাধে কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে হুগলির কোন্নগর। মারের চোটে বছর ১৪-র কিশোরের মাথা এবং চোখে গুরুতর আঘাত লেগেছে। ওই কিশোরকে প্রথমে স্থানীয় হাসপাতাল সেখান থেকে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কলকাতায় পাঠানো হয়।

এরপর আহত ওই কিশোরকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলে বাড়ি ফিরে আসে। তারপর থেকে বাড়িতেই ছিল। শুক্রবার চোখে অসহ্য যন্ত্রণা শুরু হলে জ্ঞান হারায়। তড়িঘড়ি তাঁকে কোন্নগর মাতৃ সদন এবং সেখান থেকে ফের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে বছর ১৪-র ওই কিশোর বৃহস্পতিবার এক বন্ধুকে নিয়ে কোন্নগরের মাস্টারপাড়ায় একটি বাড়িতে আম পাড়তে যায়। অন্যজন পালিয়ে গেলে ধরা পড়ে যায় ওই কিশোর। অভিযোগ এরপরেই তাঁকে বেধড়ক মারধর করা হয়। পরিবারের অভিযোগ যে বাড়িতে আম পাড়তে গিয়েছিল সেই বাড়ির লোকেদের পরিচিত একজন টোটোচালক মারধর করেছে। যদিও পরিবারের দাবি ওই কিশোরকে মারধরের বিষয়টি তারা জানেনই না। উত্তরপাড়া থানার পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

এদিকে ঘটনার পরে টোটো দৌরাত্ম নিয়ে সরব হয়েছেন কোন্নগর পুরসভার চেয়ারম্যান। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। কিছুদিন আগেই নৈহাটিতে আমপাড়ার অভিযোগে এক কিশোরের মারধরে মৃত্যু হয়েছিল।