মণিশঙ্কর ফের সরব কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে

0
62
ছবি সৌজন্যে : ফাইল

কংগ্রেস নেতাদের সঙ্গে আবার সংঘাতে জড়িয়েছেন দলের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মণিশঙ্কর আইয়ার।

 বিতর্কের সূত্রপাত তাঁরই এক মন্তব্য থেকে, যা বিধানসভা নির্বাচনের আগে কেরলে কংগ্রেসকে অস্বস্তিতে ফেলেছে। কংগ্রেস নেতারা তাঁর সঙ্গে দূরত্ব রাখা শুরু করতেই আবার সরব হয়েছেন মণিশঙ্কর।বিধানসভা নির্বাচনের আগে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্রশংসা শোনা গিয়েছিল মণিশঙ্করের কণ্ঠে। তাঁর ভবিষ্যদ্বাণী ছিল, আবার কেরলে মুখ্যমন্ত্রী হবেন বিজয়নই।তাঁর সরকারের কাজের প্রশংসাও করেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা। তার পরেই একে একে মুখ খুলতে থাকেন কংগ্রেস নেতারা। প্রায় সকলে একটা কথাই বুঝিয়ে দেন, কংগ্রেসের সঙ্গে মণিশঙ্করের কোনও সম্পর্ক নেই,তিনি যা মন্তব্য করছেন, তা ব্যক্তিগত।মণিশঙ্করের মন্তব্যের নিন্দা করে কংগ্রেসের মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান পবন খেরা প্রথম মুখ খুলেছিলেন। তিনি দাবি করেন, মণিশঙ্করের সঙ্গে গত কয়েক বছর ধরে কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। শুধু পবন একা নন, কংগ্রেস সাংসদ কে সুরেশ, জয়রাম রমেশও একই সুরে সুর মেলান। তার পরেই একে একে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মণিশঙ্কর। টেনে এনেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর প্রসঙ্গও।

সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মণিশঙ্কর আইয়ার বলেছেন, তিনি গান্ধীবাদী,তিনি নেহরুবাদী, তিনি এক জন রাজীববাদী, কিন্তু কখনই রাহুলবাদী নন।