মণিপুরের মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের কনভয়ে গুলি 

0
228
Security guards of Manipur Chief Minister fired on convoy
Security guards of Manipur Chief Minister fired on convoy
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নিরাপত্তারক্ষীদের কনভয়ে গুলি চালানোর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।এই হামলায় গুরুতর আহত হয়েছেন এক পুলিশকর্মী।
জানা গিয়েছে, সোমবার সকালে ইম্ফল থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে টি লাইজং গ্রামের কাছে জাতীয় সড়কের উপর আচমকাই পুলিশ কনভয়ে অতর্কিত হামলা চালায় একদল দুষ্কৃতী। কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। গুলির আঘাতে আহত হয়েছেন মোইরাংথেম আজেশ নামে এক পুলিশ কর্মী। বিষ্ণুপুর জেলার থাঙ্গা নাগারম লেইকাইয়ের বাসিন্দা তিনি। তাঁর ডান কাঁধে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। তড়িঘড়ি তাঁকে ইম্ফলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে মোইরাংথেম আজেশের।ভোটপর্ব মিটতেই বৃহস্পতিবার থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে। সূত্রের খবর, জিরিবাম জেলায় কুকি জঙ্গিদের হামলার মুখে ইতিমধ্যেই ২০০ জনের বেশি মেইতেই গ্রামবাসী এলাকা ছেড়েছেন।জিরিবাম জেলার লামতাই খুনউ, দিবং খুনউ, নুনখাল এবং বেগরা গ্রামে সন্দেহভাজন কুকি জঙ্গিরা মেইতেইদের বহু বাড়ি পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। কুকিদের উপর পাল্টা হামলা এবং বাড়িঘর পোড়ানোর অভিযোগ উঠেছে মেইতেই সংগঠন আরাম্বাই টেঙ্গলের সদস্যদের বিরুদ্ধে।