
তৃণমূল ছাড়লেন নোয়াপাড়ার ৩ বারের বিধায়ক মঞ্জু বসু। শনিবার সাংবাদিক বৈঠক করে তৃণমূলের সঙ্গ ত্যাগ করার কথা জানিয়েছেন তৃণমূল বিধায়ক মঞ্জু বসু।
২০০০ সালে পয়লা ফেব্রুয়ারি খুন হয়েছিলেন উত্তর ২৪ পরগনা জেলার তৎকালীন তৃণমূল সভাপতি বিকাশ বসু। সেই ঘটনার পর রাজ্য রাজনীতিতে নাড়া পড়ে যায়। স্বামীর মৃত্যুর পর শোক বুকে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে রাজনীতিতে যোগ দেন মঞ্জু। ২০০১-এ তৃণমূলের টিকিটে বাম দুর্গ বলে পরিচিত নোয়াপাড়া থেকে জয় পান মঞ্জু বসু। তারপর থেকে শুরু হয় স্বামীর বিচারের জন্য লড়াই। পরপর তিনবার বিধায়ক হয়ে নোয়াপাড়া কেন্দ্রে অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। তবে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হলেও তাতে ঠাঁই হয়নি মঞ্জু বসুর। তিনবারের বিধায়ক মঞ্জু বসুকে সরিয়ে এবার নোয়াপাড়ায় প্রার্থী করা হয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে।
এরপরেই ২৫ বছরের রাজনৈতিক জীবনের ইতি টানার ঘোষণা করেছেন তিনি। ক্ষোভের সুরে বলেছেন স্বামীর মৃত্যুর বিচার পেতে লড়াই করেছেন এতদিন। কিন্তু সর্ষের মধ্যে ভূত থাকলে বিচার পাওয়া কঠিন।






