
বিতর্কের মধ্যে শুটার মনু ভাকেরকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত করার ঘোষণা করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।সেই সঙ্গে এই সম্মান দেওয়া হবে বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশ, হকি তারকা হরমনপ্রীত সিং এবং প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারকেও।
মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ক্রীড়াক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মান। ভারতের হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং, প্যারালিম্পিকের সোনাজয়ী প্রবীণ কুমারদের নাম থাকলেও মনোনয়নের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছিল মনু ভাকের নাম। অথচ প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতেছেন তিনি। এর আগে টোকিও অলিম্পিকে যারা পদক পেয়েছিলেন, তাঁরা কমবেশি সকলেই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পেয়েছেন। কিন্ত মনু ভাকের মনোনয়ন না পাওয়ায় তৈরি হয় বিতর্ক। যদিও মনু ভাকের নিজে জানিয়েছিলেন, অ্যাথলিট হিসাবে তাঁরা শুধু দেশের হয়ে সফল হতে চান। এই ধরনের সম্মান বা পুরস্কার তাদের উৎসাহ যোগায় ঠিকই। কিন্তু এই পুরস্কার বা সম্মান পাওয়াটা কখনওই উদ্দেশ্য নয়। এই নিয়ে দয়া করে কেউ কোনও বিভ্রান্তি ছড়াবেন না।তবে শেষ পর্যন্ত ক্রীড়ামন্ত্রকের প্রকাশিত তালিকায় দেখা গেল নাম রয়েছে মনু ভাকেরের।
জানানো হয়েছে, সুপারিশ এবং সক্রুটিনির ভিত্তিতে খেলরত্নের জন্য চূড়ান্ত নামগুলি বেছে নিয়েছে কেন্দ্র। ১৭ জানুয়ারি সকাল ১১টায় রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার তুলে দেওয়া হবে তারকাদের হাতে।








