
ওড়িশায় সিমেন্ট কারখানায় লোহার কাঠামো ভেঙে বহু শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।ধ্বংসস্তূপের নীচে বহু শ্রমিকের আটকে রয়েছে বলে খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
গিয়েছে উদ্ধারকারী দলও। জানা গিয়েছে, ওড়িশার সুন্দরগড় জেলার রাজগাঙপুরে একটি সিমেন্ট কারখানায় লোহার কাঠামোটি ভেঙে পড়ে। ওই কাঠামো কয়লা উত্তোলনের কাজে ব্যবহৃত বলে জানা গিয়েছ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনার সময় কারখানায় কাজ করছিলেন প্রায় ১৫ জন শ্রমিক। যদিও ঠিক কত জন শ্রমিক চাপা পড়েছেন, তা পুলিশ বা কারখানা কর্তৃপক্ষ স্পষ্ট ভাবে জানাতে পারেননি।সুন্দরগড়ের বিধায়ক রাজেন এক্কা জানিয়েছেন, কয়েক জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।সূত্রের খবর, ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন চার জন শ্রমিক।
নিরাপদে উদ্ধার করা গিয়েছে সেই সময় কারখানায় থাকা ৬৪ জন শ্রমিককে। ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে তদারকি করছেন ওড়িশা পুলিশের ডিআইজি, এসপি এবং মহকুমাশাসক। স্থানীয় বিধায়ক কারখানার ম্যানেজারকে গ্রেফতার করার দাবি তুলেছেন।
