
বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় ৪০ জন পড়ুয়া আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়েছে।
জানা যাচ্ছে, লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে সচিবালয় থেকে প্রথমে পড়ুয়াদের সরিয়ে দিয়েছে পলিশ। পরে বিকালের দিকে পুলিশ ও পড়ুয়াদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। পাল্টা শিক্ষার্থীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষের মধ্যে পুলিশ কয়েকজন পড়ুয়াকে আটক করেন।
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান ভেঙে পড়ে ৩১ জনের মৃত্যুর পরিপ্রেক্ষিতে রাত ৩টের সময় এইচএসসি পরীক্ষা স্থগিতে ঘোষণা করে সরকার। ওই ঘটনার জেরে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে দুপুরের দিকে সচিবালয়ের প্রধান গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা।
