আমেরিকায় টেক্সাসের হড়পা বানে এখনও নিখোঁজ বহু

0
160
ছবি সৌজন্যে : এক্স

আমেরিকার টেক্সাস প্রদেশে হড়পা বানে মৃতের সংখ্যা আরও বাড়ছে। রবিবার সকাল পর্যন্ত জলে ভেসে অন্তত ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন শিশু। নিখোঁজের সংখ্যাও আরও বৃদ্ধি পেয়েছে। উদ্ধারকাজে নামানো আপৎকালীন পরিষেবা দফতরের ৮৫০ জনকে। কেউ গাছে বা কোনও নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন কি না, তা দেখতে নদীর আশপাশে টহল দিচ্ছে হেলিকপ্টার।

উল্লেখ্য শুক্রবার থেকেই ভারী বৃষ্টি হচ্ছে আমেরিকার টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। ওই প্রদেশের দক্ষিণ-পশ্চিম দিকে, গুয়াদালুপে নদীতে হড়পা বান আসায় জলের তোড়ে ভেসে যান অনেকেই।এর আগে জানা গিয়েছিল, ২৪ জনের দেহ উদ্ধার হয়েছে। তবে পরে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যা। জানা গেছে সপ্তাহান্তের ছুটিতে সামার ক্যাম্প করতে নদীর ধারে তাঁবুতে থাকছিল একটি স্কুলের ছাত্রীরা। তাদের মধ্যে ২৭ জনের এখনও খোঁজ পাওয়া যায়নি।

নিকটবর্তী শহর কেরভিলের প্রশাসক ডালটন রাইস জানিয়েছেন, ২৭ জন ছাত্রী ছাড়াও অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না।কয়েক দিন ভারী বৃষ্টি হচ্ছিল টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। টেক্সাসের দক্ষিণ-পশ্চিম দিকে নাগাড়ে ভারী বর্ষণের জেরে মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর জলস্তর ২৬ ফুট বৃদ্ধি পায়। টেক্সাস প্রশাসনের তরফে জানানো হয়েছে, নদীর জলস্তর অল্প সময়ে এতটা বেড়ে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেননি।