
গুজরাটের সুরাটে ছ’তলা বহুতল ভেঙে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। একাধিক মানুষের চাপা পড়ে মৃত্যু হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং দমকল বাহিনী পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টি চলছে সুরাটে। দমকল বাহিনীর প্রাথমিক ধারণা, বৃষ্টির জেরে ভেঙে পড়েছে সুরাটের ওই বহুতল। ভেঙে পড়ার পর ঘটনাস্থলের কিছু ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, কংক্রিটের চাঙড় ভেঙে আটকে পড়া মানুষজনকে উদ্ধার করা হচ্ছে। উদ্ধারকাজ তদারকি করছেন সুরাটের ডেপুটি মেয়র নরেন্দ্র পাটিল-সহ পুলিশের শীর্ষ কর্তারা। স্থানীয় সূত্রে খবর, ২০১৭ সালে তৈরি হয়েছিল বাড়িটি। সুরাটের পুলিশ কমিশনার অনুপম সিং গহলৌত জানিয়েছেন, বহুতলে ৩০টি ফ্ল্যাট ছিল। পাঁচ থেকে ছ’টি পরিবার থাকত সেখানে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
