
আনন্দপুরে আরবানার মত অভিজাত আবাসনের পাশে নাজিরাবাদে জোড়া অগ্নিকাণ্ডে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের শ্রমিক সন্দীপ মাইতি সহ মোট ১৩ জন। তাঁদের সকলের বাড়িই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায়।
এখনও কোনও খোঁজ না মেলায় চরম উৎকণ্ঠায় তাঁর পরিবারের সদস্যরা। রবিবার গভীর রাতে আগুন লাগে আনন্দপুরের কারখানায়। পরবর্তীতে জানা যায়, শুধুই মোমো নয়,তার আশেপাশে ছিল আরও বেশ কিছু কারখানা। সেখানেও ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। শুধু সন্দীপ নন, সূত্রের খবর এখানে কাজে গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের অনেকেই। তাঁদেরও খোঁজ মিলছে না। উদ্বেগ প্রকাশ করেছেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের ময়নার দুই পরিবার ইতিমধ্যেই আনন্দপুর পৌঁছে গিয়েছে। নন্দকুমারের বরগোদার সন্দীপ মাইতি ওই কারখানার লেবার ঠিকাদার ছিলেন বলে জানা যাচ্ছে। তাঁর খোঁজে ইতিমধ্যেই আনন্দপুর পৌঁছছেন তার স্ত্রী।
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ইউনিস ঋষিণ ইসমাইল বলেছেন, ওই অগ্নিসংযোগের ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক মিলিয়ে প্রায় ১৩ জন নিখোঁজ।
