
ওড়িশা-ছত্তীসগঢ় সীমানায় যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ২০ মাওবাদী। তাদের মধ্যে একজনের মাথার দাম ছিল ১ কোটি টাকা। পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষে নিহত হয়েছেন জয়রাম ওরফে চলপতি।
তিনি মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।আর এই অভিযানকে মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স বার্তায় অমিত শাহ জানিয়েছেন, যৌথ বাহিনী মাওবাদীমুক্ত ভারত গড়তে আরও একটা বড় সাফল্য পেল। সিআরপিএফ, ওড়িশার এসওজি, ছত্তীসগঢ় পুলিশের যৌথ অভিযানে ওড়িশা-ছত্তীসগঢ় সীমানায় ১৪ মাওবাদী নিহত হয়েছেন।কয়েকদিন ধরে আন্তঃরাজ্য অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সিআরপিএফ এবং পুলিশের যৌথ বাহিনী সোমবার ওড়িশার নওপাড়া এবং ছত্তীসগঢ়ের গরিয়াবন্দের সীমানায় মাওবাদীদের জড়ো হওয়ার খবর পেয়ে অভিযানে যায়। সোমবার রাতে তল্লাশি অভিযানের সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন মাওবাদীরা।
তাদের ঘিরে ফেলে পাল্টা জবাব দেয় যৌথ বাহিনীও। রাতভর দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষে ২০ মাওবাদী নিহত হয়েছেন।এখনও ওই সীমানা এলাকায় জঙ্গলে মাওবাদীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
