
ছত্তিশগড়ের চাঙ্গোরভট্ট-র ভাড়া বাড়ি থেকে মাও দম্পতি জগ্গু ও তার স্ত্রী কমলাকে গ্রেফতার করেছে সে রাজ্যের তদন্তকারী সংস্থা। সাধারণের ভিড়ে এমন ভাবে মিশে ছিলেন তাঁরা, কেউ ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি, তাঁদের মাঝেই লুকিয়ে রয়েছেন এক মাওবাদী দম্পতি।
তবে সন্দেহ করার অবকাশও দেননি এই দম্পতি। এলাকার মানুষের সঙ্গে একেবারেই সাদামাঠা ভাবে মিলেমিশে থাকতেন। কাজ করতেন নির্মাণ শ্রমিকের। থাকতেন ভাড়াবাড়িতে। পুলিশ সূত্রে খবর, ধৃত মাওবাদী দম্পতির নাম জগ্গু কুরসাম ওরফে রবি ওরফে রমেশ। এবং তাঁর স্ত্রী কমলা কুরসাম। তাঁদের দু’জনের মিলিত মাথার দাম ১৩ লক্ষ টাকা। জণ্ডর I মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা। আর কমলার ৫ লক্ষ টাকা। এসআইএ সূত্রে খবর, এই মাওবাদী দম্পতি দীর্ঘ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। কখনও রায়পুর, কখনও ভিলাই, কখনও আবার দুর্গ, এ ভাবে কিছু দিন অন্তর অন্তরই জায়গা বদল করে থাকছিলেন তাঁরা।
কখনও দিনমজুর, কখনও নির্মাণ শ্রমিকের বেশে সাধারণের ভিড়ে এমন ভাবে মিশে যেতেন যে কারও পক্ষেই টের পাওয়া সম্ভব ছিল না। মাওবাদী দম্পতির ভাড়াবাড়ি থেকে ১০ গ্রাম সোনার বিস্কুট, ১ লক্ষ ১৪ হাজার টাকা নগদ, দু’টি স্মার্টফোন এবং বেশি কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাঁদের ফোনের কল রেকর্ড ঘেঁটে দেখা হচ্ছে বলে এসআইএ সূত্রে খবর।
