
মাওবাদীমুক্ত ভারতের লক্ষ্যে লাগাতার অভিযানের মধ্যে ছত্তিশগঢ় সরকারের কাছে এক মাসের যুদ্ধবিরতির আর্জি জানিয়ে চিঠি লিখেছেন মাওবাদীদের উত্তর-পশ্চিম সাব-জোনাল ব্যুরো। গত কয়েকমাসে শতাধিক শীষ স্থানীয় কমান্ডারের মৃত্যুতে কোমর ভেঙে গিয়েছে মাওবাদী সংগঠনগুলির।
প্রাণের দায়ে আত্মসমর্পণের পথে হাঁটছে বেশিরভাগ মাওবাদী। গত ৮ এপ্রিলও যুদ্ধবিরতির আর্জি জানিয়ে একটি চিঠি প্রকাশ করেছিল মাওবাদীরা।
দ্বিতীয় চিঠিতে লেখা হয়েছে, অভিযানের নামে চলা এই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করা উচিত। বরং সমস্যা সমাধানে মনোযোগ দেওয়া উচিত। শুধুমাত্র শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই তা সম্ভব। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াও চাওয়া হয়েছে মাওবাদীদের তরফে।
