
শনিবার সকালে সস্ত্রীক কলকাতা বিমানবন্দরে আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়ো।সেখান থেকে সোজা যান তালতলার মাদার হাউসে। সেখানে ঘণ্টাখানেক থাকার পর রুবিয়ো যান নির্মলা শিশুভবনে।
এর পর কলকাতা থেকে দিল্লি গিয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন।গত ১৪ বছরে এই প্রথম আমেরিকার কোনও বিদেশসচিব পশ্চিমবঙ্গে এলেন। কলকাতা দিয়ে চার দিনের ভারত সফর শুরু করেছেন রুবিয়ো। ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর সমাজমাধ্যমে রুবিয়োর কলকাতা সফরের কথা জানিয়েছেন। প্রথম বার এ রাজ্যে সরকার গঠন করেছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। তার কয়েক সপ্তাহের মধ্যেই আমেরিকার বিদেশসচিবের এই কলকাতা সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।
শুধু কলকাতা নয়, পশ্চিম এশিয়ায় সঙ্কটের আবহে রুবিয়োর ভারত সফরের কূটনৈতিক গুরুত্বও রয়েছে। উল্লেখ্য, ভারত সফরের শেষ দিনে অর্থাৎ, ২৬ মে কোয়াডের বৈঠকে যোগ দেবেন রুবিয়ো। তাঁর ভারত সফরে আসার অন্যতম উদ্দেশ্য ওই বৈঠক।




