মারিয়া ফিরলেন শৈশবের ক্লাবে, মাঠ ছাড়লেন স্ট্রেচারে

0
140
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

আনহেল দি মারিয়া এমনিতেই আবেগপ্রবল মানুষ। তাই ১৮ বছর পর শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফেরা দি মারিয়া বরণের দিনে যে আবারও আবেগে ভেসে যাবেন, তা অনুমেয়ই ছিল।দি মারিয়ার জীবনে সেই মুহূর্ত এসেছে। রোজারিও সেন্ট্রালের হয়ে আবারও খেলতে নামার আগে তাঁকে রাজসিকভাবে বরণ করে নিয়েছেন এস্তাদিও জিহান্তে দে আরোয়িতোয় উপস্থিত ৪৬ হাজারের বেশি দর্শক।

তাঁদের ভালোবাসার সিক্ত এই আর্জেন্টাইন তারকা নিজেকে সামলাতে পারেননি। হাত নেড়ে অভিবাদনের জবাব দেওয়ার সময় তাঁর দু’ চোখ বেয়ে ঝরেছে জল। তবে আর্জেন্টিনার শীর্ষ লিগের  ম্যাচটি শুরু হতেই দি মারিয়া আবার হয়ে ওঠেন সত্যিকারের পেশাদার ফুটবলার। ঘরের মাঠে সমর্থকদের ভালোবাসার প্রতিদান দেন গোল করে।৭৮ মিনিটে পেনাল্টি থেকে করা দি মারিয়ার গোলেই এগিয়ে যায় রোজারিও সেন্ট্রাল।গোলবারের ডান পাশ দিয়ে তাঁর নিচু করে নেওয়া শট ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি প্রতিপক্ষ গোদোই ক্রুজের গোলকিপার।সেই গোলের পর দর্শকদের গগণবিদারি চিৎকার যেন সবকিছুর মাত্রা ছাড়িয়ে যায়।উচ্ছ্বাস ছুঁয়ে গেছে ভিআইপি বক্সে থাকা তাঁর পরিবারকেও।

এরপরও দি মারিয়ার দিনটা অম্লমধুর কেটেছে।ম্যাচের ৮৯ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড় বাজেভাবে ট্যাকল করলে আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন ৩৭ বছর বয়সী উইঙ্গার।এ সময় তাঁকে আবারও কাঁদতে দেখা যায়।দি মারিয়া মাঠের বাইরে যাওয়ার পর ম্যাচের মোড়ও ঘুরে যায়। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে গোদোই ক্রুজের ভিসেন্তে পোগ্গি গোল করলে রোজারিও সেন্ট্রালকে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়।