
ওয়ানডে ও টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন আগেই। চ্যাম্পিয়নস ট্রফিও জিততে পারলে আইসিসি আয়োজিত সীমিত ওভারের তিনটি বিশ্ব টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরবময় কীর্তি গড়তে পারতেন।
কিন্তু এ বছর সেটা হচ্ছে না।পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে পড়েছেন মিচেল মার্শ। ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডারকে নিয়ে দুঃসংবাদটি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া বা, সিএ।বোর্ডের এক মুখপাত্র বলেছেন, জাতীয় নির্বাচক প্যানেল ও অস্ট্রেলিয়ার ছেলেদের চিকিৎসা বিভাগ চোটের কারণে মিচেল মার্শকে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ দিয়েছে। পুনর্বাসনপ্রক্রিয়ায় থাকা মার্শের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়নি। সম্প্রতি তাঁর পিঠের নিচের অংশে ব্যথা বেড়ে যাওয়ায় নির্বাচক প্যানেলকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পুরোপুরি সেরে ওঠার সুযোগ করে দিতে তাঁর পুনর্বাসনের মেয়াদ বাড়ানো হয়েছে। মার্শের জায়গায় দলে কাকে নেওয়া হবে, যথাসময়ে বৈঠক শেষে সেই সিদ্ধান্ত জানাবে নির্বাচক প্যানেল।উল্লেখ্য এ বছর আইপিএলে মার্শের খেলা নিয়ে সংশয় আছে।
নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলাম থেকে তাঁকে ৩ কোটি ৪০ লাখ টাকাতে দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। কিন্তু,বেশ কিছু দিন ধরে পিঠের চোটে ভুগছেন মিচেল মার্শ। তাই নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারছিলেন না।
