
এমিলিয়ানো মার্তিনেজ এর চেয়ে অনেক জোরাল শট অবলীলায় রুখে দিয়েছেন। পোস্টের কোনা ঘেঁষে যাওয়া শটও বেশ দূর থেকে ডাইভ দিয়ে ঠেকিয়েছেন। কিন্তু বের্নার্দো সিলভার শটটি কীভাবে মার্তিনেজের হাতে লেগে জালে ঢুকে পড়ল, সেটা একটা বিস্ময়।
এই ভুলের পর আর্জেন্টাইন গোলকিপারের ওপর চটেছেন অ্যাস্টন ভিলার সমর্থকেরা।প্রিমিয়ার লিগের এ ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছে ভিলা। ৭ মিনিটে ম্যাচের প্রথম গোলটি সিটির পর্তুগিজ উইঙ্গার সিলভার।বাঁ প্রান্ত দিয়ে ওমর মারমৌশ ভিলার বক্সে ঢুকে ক্রস করেন। বল ভিলার লেফট ব্যাক লুকাস দিনিয়ের পায়ে লেগে বক্সের ঠিক মাঝে ফাঁকা জায়গায় চলে যায়। দৌড়ে আসা সিলভা চলতি বলেই শট নেন। ভিলা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ বিপদ টের পেয়ে পোস্টের ঠিক মাঝখানে চলে আসেন।সিলভার শটটি মার্তিনেজের প্রায় সরাসরিই ছিল। সহজেই ঠেকানো যায়,এমন শট এবং অনুশীলনে কিংবা ম্যাচে এমন শট তাঁকে বহুবার সহজেই ঠেকাতে দেখা গেছে। কিন্তু মার্তিনেজ এ যাত্রায় সামনে হাত বাড়িয়ে বলটি ঠেকালেও গোল বাঁচাতে পারেননি। কিছুটা দুর্ভাগ্যের শিকার তো হয়েছেনই, তবে এমিলিয়ানো মার্তিনেজের মানের গোলকিপারের জন্য এমন শট ঠেকানো রুটিন ওয়ার্ক।বল এমিলিয়ানো মার্তিনেজের গ্লাভসে লেগে বাঁ পাশে ড্রপ খেয়ে জালে ঢুকেছে। এমন শটে সাধারণত গোলকিপাররা গ্লাভসের সামনের অংশ দিয়ে বল ঠেকান, তাতে বলটা হাতে লেগে সামনের দিকে চলে যায়, কিন্তু মার্তিনেজের ক্ষেত্রে বাঁ দিক দিয়ে বল জালে ঢুকে পড়ায় কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে এখন বিশ্বকাপজয়ী গোলকিপারকে।অথচ এই এমিলিয়ানো মার্তিনেজই আর্জেন্টিনার জার্সিতে কিংবদন্তিতে পরিণত হয়েছেন।
বড় টুর্নামেন্টের বড় ম্যাচে অবিশ্বাস্য কিছু সেভ আছে তাঁর জাতীয় দলের হয়ে। এর সেরা উদাহরণ হতে পারে গত বিশ্বকাপের ফাইনালে অন্তিম মুহূর্তে ফ্রান্সের কোলো মুয়ানির শটে তাঁর অসাধারণ সেই সেভ। কিন্তু আর্জেন্টিনার জার্সিতে নায়ক হয়েও ভিলার জার্সিতে খলনায়ক-এ পরিণত হচ্ছেন এমিলিয়ানো মার্তিনেজ।








