
নদিয়ার বাড়িতে পৌঁছেছে উধমপুরে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ভারতীয় সেনা জওয়ান ঝন্টু আলি শেখের দেহ। শনিবার ঘরে ফিরলেন তাঁর দাদার কাঁধে চেপে কফিনবন্দি হয়ে।
তেহট্টে পাথরঘাটার বাড়িতে তাঁর মরদেহ পৌঁছেছে। ৬ প্যারা এসএফ-এ কর্মরত ছিলেন ঝন্টু। জম্মু-কাশমীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার পরপরই উধমপুরে সেনা এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হয়। এনকাউন্টারের যোগ দিয়েছিলেন ঝন্টুও। জঙ্গিদের গুলি এসে লাগে তাঁর গায়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। ঝন্টুর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঝন্টুর দাদা নাজিম শেখতে তিনি পাশে থাকার বার্তা দিয়েছেন। নাজিম জানিয়েছেন, যে কোনও প্রয়োজনে তাঁকে সরাসরি ফোন করতে বলেছেন মুখ্যমন্ত্রী।
তাঁদের সঙ্গে কথা হয়েছে সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গেও। শুক্রবার জম্মুতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে বিদায় জানানো হয় শহিদ ঝন্টুকে।








