
তুরস্কের ইস্তাম্বুলের রাজপথে বছরের প্রথম দিনে প্যালেস্টাইনিদের সমর্থনে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে গালতা ব্রিজে আয়োজিত এই বিক্ষোভে প্রায় ৫ লাখ ২০ হাজার মানুষ অংশ নেন।
হিউম্যানিটি অ্যালায়েন্স ও ন্যাশনাল উইল প্ল্যাটফর্মের উদ্যোগে এবং তুর্কিশ ইয়ুথ ফাউন্ডেশনের নেতৃত্বে চার শতাধিক সামাজিক সংগঠন এই সংহতি সমাবেশের আয়োজন করে। আমরা দমে যাব না, আমরা চুপ থাকব না, আমরা প্যালেস্টাইনকে ভুলব না এই স্লোগানকে সামনে রেখে হাড়কাঁপানো শীত উপেক্ষা করে সমবেত হন হাজারো মানুষ।সমাবেশের আগে অংশগ্রহণকারীরা ইস্তাম্বুলের ঐতিহ্যবাহী আয়াসোফিয়া গ্র্যান্ড মস্ক, সুলতানাহমেত ও ফাতিহসহ বিভিন্ন বড় মসজিদে ফজরের নামাজ আদায় করেন। নামাজের পর তুর্কি ও প্যালেস্টাইনি পতাকা হাতে তারা গালতা ব্রিজের দিকে পদযাত্রা শুরু করেন।
এই মিছিলে তুরস্কের বিভিন্ন মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি কর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। গালতা ব্রিজকে,বিবেকের ট্রাইব্যুনাল আখ্যা দিয়ে বক্তারা গাজায় গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। সমাবেশে জনপ্রিয় সংগীতশিল্পী মাহের জেইনসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরা উপস্থিত হয়ে প্যালেস্টাইনি জনগণের প্রতি তাদের সংহতি প্রকাশ করেন।








