
মহারাষ্ট্রের নাগপুরে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১ জনের মৃত্যু হয়েছে, কমপক্ষে আহত হয়েছেন অন্তত ২৫ জন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের দু কিলোমিটার পর্যন্ত এলাকা কেঁপে উঠেছে বলে দাবি। জানা গিয়েছে, কারখানার আরডিএক্স তৈরির প্লান্টে এই বিস্ফোরণ ঘটেছে। যার জেরে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে নাগপুরের সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেডে এই দুর্ঘটনা ঘটেছে। এটা দেশের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সবচেয়ে বড় বেসরকারি কারখানা। বিস্ফোরণে উড়ে গিয়েছে কারখানার দোতলা একটি ভবন। আগুনের হলকা এতটাই উঁচুতে পৌঁছেছিল যে দেড় কিলোমিটার দূর থেকে তা দেখা গিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম ময়ূর গনভীর। তিনি কারখানার ল্যাবরেটরিতে কাজ করছিলেন। বিস্ফোরণের জেরে ল্যাবরেটরির ধাতব দরজা ছিটকে আসে তাঁর দিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।বিস্ফোরণের জেরে আহত হয়েছেন আরও ২৫ কর্মী। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এই প্রথম নয়, এর আগে ২০২৩ সালেও এই কারখানায় বিস্ফোরণ হয়েছিল। সেই সময় ন’জন কর্মীর মৃত্যু হয়েছিল।









