
এইট পাসেই পাসপোর্ট জালিয়াতির মাস্টার মনোজ!ক্লাস এইটের বিদ্যেতেই পাসপোর্ট জালিয়াতির পাণ্ডা হয়ে উঠেছিলেন বেহালার মনোজ গুপ্ত। বারবার বলা সত্ত্বেও বেআইনি কাজ থেকে সরে আসেনি বলে দাবি করেছে মনোজের পরিবার।
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ধরপাকড় শুরু হতে বেহালার শীলপাড়ার বাড়ি ছেড়ে উত্তর ২৪ পরগনার গাইঘাটার গা ঢাকা দিয়েছিলেন মনোজ গুপ্ত। চাঁদপাড়ার ঢাকুরিয়ায় বিশ্বজিৎ দাসের বাড়ি থেকে মনোজকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। বাড়ির মালিক থাকেন না। ওই বাড়ির ভাড়াটে এক মহিলার কাছে আশ্রয় নিয়েছিলেন মনোজ। যদিও মহিলার দাবি তিনি মনোজকে চিনতেন না। এক আত্মীয়ের কথাতেই মনোজকে থাকতে দিয়েছিলেন। শনিবার রাতে সেখান থেকেই মনোজকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে যে ৬ জনকে ধরা হয়েছিল তাঁদের মধ্যে ছিলেন দীপঙ্কর দাস। যিনি মনোজের সংস্থাতেই কাজ করতেন। বেহালার শীলপাড়ার বাসিন্দা মনোজ সখেরবাজারে ট্রাভেন এজন্সির অফিস খুলে জাল নথি দিয়ে পাসপোর্ট বানাতেন।
তার জন্য অনেক টাকাও নিতেন। পর্ণশ্রীর বাসিন্দা দীপঙ্কর দাস মনোজের অফিসেই ডেটা এন্ট্রির কাজ করতেন। তাকে জেরা করেই মনোজের খোঁজ পান তদন্তকারীরা।
