
জাল বার্থ সার্টিফিকেট দিয়ে আসল পাসপোর্ট তৈরির অভিযোগে হুগলির খানাকুল থেকে ভাস্কর সামন্তকে গ্রেফতার করেছে বর্ধমান পুলিশ। একাধিক সামগ্রী তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বলে খবর।
জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা, গ্রেফতারি বেড়ে দাঁড়িয়েছে ৫। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বর্ধমান জেলা পুলিশের একটি দল হুগলির খানাকুলে হানা দেয়। ভাস্কর সামন্ত নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে তল্লাশি চালানো হয়। বাড়ি থেকেই উদ্ধার হয়েছে দুটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন, একটি বায়োমেট্রিক ডিভাইস। এছাড়াও একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি আসল নাকি জাল, সেসব খতিয়ে দেখা হচ্ছে। দিন কয়েক আগে বর্ধমানে জাল নথিতে পাসপোর্ট তৈরি চক্রের সন্ধান পাওয়া যায়।
পুলিশ তদন্তে নেমে গণেশ চক্রবর্তী ও অনির্বাণ সামন্ত নামে দুই ব্যক্তিকে হুগলির সিঙ্গুর থেকে গ্রেফতার করে। তাঁদের নিজেদের হেপাজতে নিয়ে জেরা শুরু হয়। তাতেই এই ব্যক্তির নাম বেরিয়ে আসে।
