
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা, বিপ্লবী মাস্টারদা সূর্য সেনকে মাস্টার, বন্দে মাতরমকে বন্দে ভারত , সংসদে বিজেপির জনপ্রতিনিধিদের মুখ ফসকে বলে ফেলা ভুলের তালিকা বেড়েই চলেছে।
এবার সেই তালিকায় যুক্ত হল বীরাঙ্গনা মাতঙ্গিনীর নাম। বিজেপি সাংসদ দীনেশ শর্মার মুখে তা হয়ে গিয়েছে, মাতা গিনি হাজরা। বৃহস্পতিবার এনিয়ে ফের লোকসভায় তুমুল শোরগোল হয়েছে। বিজেপিকে ফের বাংলা বিরোধী বহিরাগত বলে সোশাল মিডিয়ায় তুলোধোনা করেছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। সংসদে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ দীনেশ শর্মা উচ্চারণ করেছেন,মাতা গিনি হাজরা। তমলুকের বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার নামের এমন বিভ্রাট নিয়েই ফের বিজেপির নিন্দায় মুখর তৃণমূল কংগ্রেস।
এক্স হ্যান্ডলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সমালোচনা, বিজেপি সাংসদ দীনেশ শর্মা সংসদে দাঁড়িয়ে মাতঙ্গিনী হাজরার নাম একেবারে কচুকাটা করে ফেলেছেন। লজ্জার বিষয়, পশ্চিমবঙ্গের সঙ্গে যে তাঁদের যোগাযোগহীনতার বহর আরও বাড়ছে, এটাই তার প্রমাণ। উল্লেখ্য দীনেশ শর্মা একসময় উত্তরপ্রদেশ সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন।
