
তামিলনাডুর কোয়াম্বাটুর বিমানবন্দরের কাছে এমবিএ ছাত্রীকে জোর করে গাড়ি থেকে নামিয়ে গণধর্ষণের অভিযোগ তিন ব্যক্তির বিরুদ্ধে। ওই তরুণীর সঙ্গে থাকা প্রেমিককেও মারধরের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ। পুলিশ সূত্রে খবর, রাতে বিমানবন্দরের কাছে নিজের পুরুষ বন্ধুর সঙ্গে গাড়িতে বসে গল্প করছিলেন ওই তরুণী। সে সময়ে একটি বাইকে করে ওখানে আসে তিন দুষ্কৃতী। তরুণীকে দেখে কটূক্তি করতে থাকে ও গাড়িতে হামলা চালায়। জোর করে ওই তরুণীর বন্ধুকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছেন তারা। এর পরে তাঁকে ওই অবস্থায় ফেলে রেখে জোর করে তরুণীকে তুলে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি বেসরকারি কলেজের কাছে একটি নির্জন স্থানে তরুণীকে নিয়ে যায় এবং সেখানে তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ।
নারকীয় অত্যাচারের পর তরুণীকে বিবস্ত্র অবস্থায় সেখানেই ফেলে রেখে চলে যায় দুষ্কৃতীরা। তরুণীর আহত বন্ধু পুলিশকে খবর দিলে শুরু হয় অনুসন্ধান। তার পরেই অচৈতন্য অবস্থায় তরুণীকে উদ্ধার করে I হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
